
ক্রীড়া প্রতিবেদক : ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আগামীকাল (শুক্রবার) থেকে। সিরিজের প্রথম ম্যাচকে সামনে রেখে আজ মিরপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে কথা বলেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
সিরিজ জয়ের বড় কোনো লক্ষ্য না সেট করে শুরু থেকেই জয়ের ধারা অব্যাহত রাখার ওপর জোর দিয়েছেন মিরাজ। তিনি বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার চেয়ে প্রথম ম্যাচটি জিতে সিরিজে ভালো শুরু করাটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুরো সিরিজ নিয়ে একসঙ্গে না ভেবে একটি করে ম্যাচ ধরে এগোনোর কথা জানিয়েছেন তিনি।
মিরাজের ভাষায়, ‘শুরুটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখনই বড় কোনো টার্গেট সেট করা ঠিক হবে না। যেহেতু তিনটি ম্যাচ আছে, আমরা ধাপে ধাপে সিরিজ এগোতে চাই এবং অবশ্যই প্রথম ম্যাচ জিতে নিতে চাই।’
মাঠের বাইরের আলোচনা বা সমালোচনা দলের ওপর কোনো চাপ ফেলে কি না; এমন প্রশ্নের জবাবে মিরাজ স্পষ্ট করে বলেন, পেশাদার ক্রিকেটার হিসেবে বাইরের কোনো কথায় তাদের প্রভাবিত হওয়ার সুযোগ নেই। মূল ফোকাস থাকবে মাঠের পারফরম্যান্সে। ‘বাইরে কী হচ্ছে, তা নিয়ে আমরা একদমই ভাবছি না,’ যোগ করেন তিনি।
সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্স নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মিরাজ। শেষ দুই সিরিজে ভালো ক্রিকেট খেলার কারণে খেলোয়াড়দের আত্মবিশ্বাস এখন অনেক বেশি। এর সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির উৎসাহ ও সমর্থন। মিরাজ জানান, সভাপতি তাদের সঙ্গে কথা বলে বুস্টআপ দিয়েছেন এবং ভালো খেলার জন্য অনুপ্রাণিত করেছেন।
মিরাজ বলেন, ‘হ্যাঁ, কথা হয়েছে সভাপতির সঙ্গে। দল ভালো করছে, আমাদের বুস্ট আপ করেছে। যেভাবে খেলছি সেভাবেই খেলে যেতে হবে।’
পাকিস্তান সিরিজে ভালো উইকেটে খেলার অভিজ্ঞতা এবারও কাজে লাগাতে চায় টাইগাররা। মিরাজের মতে, স্পোর্টিং উইকেটে সবাই যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে, তাহলে প্রতিপক্ষকে চাপে ফেলা সহজ হবে। তবে নিউজিল্যান্ডকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া হচ্ছে না। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতির জন্য এই সিরিজটি বাংলাদেশের জন্য খুবই তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।