
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে ১৬৪৯ বোতল ফেন্সিডিল সহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খানজিয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে ইমরান হোসেন (৩০) এবং একই উপজেলার পশ্চিম সেয়ারা গ্রামের মৃত আলীর আকবরের ছেলে কালাম হোসেন (৩৩)। শনিবার (২৫ এপ্রিল) ভোর রাত থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত কালিগঞ্জ থানাধীন খানজিয়া বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রেজাউল করিম। এতে অংশ নেয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬ (র্যাব-৬) সাতক্ষীরার সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর এ অভিযানে ১৬৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। বিপুল পরিমাণ এ ফেনসিডিল দেশের অভ্যন্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল মাদক ব্যবসায়ীরা। আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানে নেতৃত্ব দেওয়া কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রেজাউল করিম জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহল জোরদার এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে মাদক চক্রের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।