
ডেস্ক রিপোর্ট : প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা যোগদানের আদেশ জারির দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি শুরু করেছেন। পুলিশ তাদের রাস্তা থেকে তুলে দিতে চাইলে পুলিশের সঙ্গে কথা–কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। পরে পরিস্থিতি শান্ত হয় এবং পুলিশের ব্যারিকেডের মধ্যে চাকরিপ্রার্থীরা সমাবেশের সিদ্ধান্ত নেন। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টায় অবস্থান কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা।
এ সময় তারা ‘দাবি মোদের একটাই, নিয়োগপত্র হাতে চাই’, ‘তুমি কে, আমি কে, শিক্ষক শিক্ষক’ ইত্যাদি স্লোগান দেন।
জানা গেছে, গত ৯ জানুয়ারি পার্বত্য ৩ জেলা ছাড়া দেশের ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। তাতে জেলাভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করে অধিদপ্তর। ফল প্রকাশে আড়াই মাস পেরিয়ে গেলেও চাকরিতে যোগদান করা হয়নি প্রার্থীদের।
উত্তীর্ণ প্রার্থীরা বলছেন, দীর্ঘদিন নিয়োগপ্রক্রিয়া ঝুলে থাকায় তাদের পরিবার বর্তমানে চরম অনিশ্চয়তা ও মানসিক উদ্বেগের মধ্যে দিনাতিপাত করছে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানান তারা। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের নিয়োগপত্র আটকে রাখা হয়েছে।