
খুবি প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) ২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। গত ২৭ এপ্রিল (সোমবার) নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত এই তফসিল অনুযায়ী, আগামী ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) সমিতির কার্যালয়ে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী, ২৮ এপ্রিল সকাল ৯টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। একই দিন দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর ৩০৬ নম্বর কক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা পরদিন ২৯ এপ্রিল সকাল ৯টা থেকে ১১টার মধ্যে নির্ধারিত স্থানে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ওই দিনই বিকেল ৪টায় যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কার্যনির্বাহী পরিষদের মোট ১১টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলো হলো— সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য পদ।
খুলনা বিশ্ববিদ্যালয় একটি অরাজনৈতিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হলেও ক্যাম্পাসের গণতান্ত্রিক চর্চা ও স্বচ্ছতা নিশ্চিতে খুবিসাস অনন্য ভূমিকা পালন করে আসছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা, শিক্ষার্থীদের অধিকার ও সমস্যাগুলো লেখনীর মাধ্যমে জাতীয় গণমাধ্যমে তুলে ধরা এবং ক্যাম্পাসের উন্নয়ন ও অর্জনের প্রচারণায় এই সংগঠনটি অগ্রণী ভূমিকা রাখে। মূলত অরাজনৈতিক কাঠামোর মধ্য থেকেই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা এবং সৃজনশীল নেতৃত্ব তৈরির কাজ করে খুবিসাস।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। একই সাথে নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীদের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।