
ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের সংকট নেই। ডিজেল মজুত আছে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন। ৩০ এপ্রিলের মধ্যে আসবে আরও ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন। বিভিন্ন তেলের পাম্পে দীর্ঘলাইন নেই। তাই সংকট শিগগিরই দূর হবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
গণমাধ্যমে ভুল তথ্য ও অপতথ্য প্রচার নিয়ে সতর্কবার্তা দিয়ে উপদেষ্টা বলেন, সরকার কোনোভাবেই বিভ্রান্তিকর তথ্য সহ্য করবে না। তবে গঠনমূলক ও যৌক্তিক সমালোচনাকে সরকার স্বাগত জানায় বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, সমালোচনা থাকতে পারে, কিন্তু তা যেন তথ্যভিত্তিক ও সঠিক হয়।
দেশের নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে জঙ্গি তৎপরতার কিছু উপস্থিতি রয়েছে, যা পুরোপুরি অস্বীকার করা যায় না। তবে এ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়নি যে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হবে। অতীতে এ বিষয়টি নিয়ে অতিরঞ্জিত প্রচার যেমন হয়েছে, তেমনি একেবারে অস্বীকার করার প্রবণতাও ছিল—দুটিই বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে মন্তব্য করেন তিনি।
সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি জানান, সাম্প্রতিক সময়ে সীমান্তে হত্যার ঘটনা প্রায় ৭৫ শতাংশ কমেছে। এ ধারা অব্যাহত রেখে তা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্য রয়েছে সরকারের। এ ক্ষেত্রে প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি।