
তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় পুষ্টি বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ এর সমাপনি ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১ টায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাহাত খান।
তালা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সবুজ বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত
বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থপেডিক্স বিশেষজ্ঞ ডাঃ জ্যোতির্ময় সরকার।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাছুম বিল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) সন্তোষ কুমার মন্ডল,মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস,আরএমও ডাঃ খালিদ হাসান নয়ন, ডাঃ মোখলেছুর রহমান, শহীদ কামেল মডেল হাইস্কুলের
প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, তালা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এস এম মোতাহিরুল হক শাহিন প্রমুখ। এ সময়
পুরস্কারপ্রাপ্ত ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং শিক্ষকবৃন্দ, হাসপাতালের স্বাস্থ্যকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এবারের পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য বিষয় ছিল “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”।
বক্তারা বলেন, একটি মেধাবী ও সুস্থ জাতি গঠনে সুষম খাবারের কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। মানুষকে পুষ্টিগুণ সম্পন্ন দেশীয় খাবার গ্রহণে উদ্বুদ্ধ করতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
কর্মসূচি বাস্তবায়নে ইউনিসেফ (UNICEF), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), সেভ দ্য চিলড্রেন এবং গেইন (GAIN) সহ বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সহযোগিতা প্রদান করছে।
সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন পুষ্টি প্রদর্শনী,স্কুলের ছাত্র- ছাত্রীদের মাঝে পুষ্টিকর খাবার বিষয়ে কুইজ ও রচনা প্রতিযোগিতা, পরামর্শমূলক ক্যাম্পেইন,হাসপাতালে পুষ্টিকর খাবার বিতরণ,শিশুদের মাঝে পুষ্টিকর খাবার পরিবেশন ও পুরস্কার বিতরণ করা হয়।