
ডেস্ক রিপোর্ট : জলাবদ্ধতা নিরসন এবং শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের লক্ষ্যে সরকার খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পানির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (২ মে) দুপুরে সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
সুরমা নদীর তীরে চাঁদনীঘাট এলাকায় আয়োজিত সুধী সমাবেশে শিগগিরই সিলেট মেডিকেল কলেজে ২৫০ শয্যার হাসপাতাল চালুর আশ্বাস দেন সরকারপ্রধান। পর্যায়ক্রমে তা ১২ শ শয্যায় উন্নীত করা হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী উপস্থিত আছেন। প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমানও অনুষ্ঠানে রয়েছেন।
এর আগে সকাল ১০টার দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেটে এসে হজরত শাহজালাল (রা.) এর মাজার জিয়ারত করেন তারেক রহমান। এরপর সুরমা নদীর তীরে চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশন (সিসিক) আয়োজিত কর্মসূচিতে অংশ নেন। সেখানে সিলেট নগরকে বন্যা ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা থেকে রক্ষায় সাড়ে সাত হাজার কোটি টাকার একটি মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সুধী সমাবেশের পর সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর সার্কিট হাউজে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ শেষে বিকাল ৩টায় সিলেট স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন করবেন। বিকাল ৫টায় শহরের শিল্পকলা একাডেমিতে দলীয় জনসভায় বক্তব্য দেবেন সরকারপ্রধান।
সিলেট থেকেই ত্রয়োদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২১ জানুয়ারি সেখানকার আলিয়া মাদরাসায় জনসভার মাধ্যমে এ কর্মসূচির সূচনা করেছিলেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে শনিবারই প্রথম সিলেট সফর করছেন তারেক রহমান।