
ডেস্ক রিপোর্ট : সিলেট নগরের সুরমা নদীর উভয় তীরের সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) বেলা ১১টার দিকে নগরের চাঁদনীঘাট এলাকায় এ প্রকল্প উদ্বোধন করেন তিনি। এরপর তিনি সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে যোগ দিয়েছেন।
এ সময় প্রধানমন্ত্রী প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।
সংশ্লিষ্টরা জানায়, প্রকল্পের আওতায় সুরমা নদীর দুই তীরে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি টেকসই বন্যা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হবে, যা নগরবাসীর চলাচল ও বিনোদনের সুযোগ বাড়ানোর পাশাপাশি নদীভাঙন রোধেও ভূমিকা রাখবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা প্রশাসক সারওয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধানমন্ত্রীকে এই প্রকল্পের বিষয়বস্তু তুলে ধরেন সংশ্লিষ্টরা। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৩৫ কোটি টাকা। প্রকল্পের আওতায় নদীর তীর সংরক্ষণ, আধুনিক ওয়াকওয়ে নির্মাণ, সবুজায়ন, দৃষ্টিনন্দন নগর অবকাঠামো গড়ে তোলা এবং বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন করা হবে।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তার গুলশানের বাসা থেকে রওনা হয়ে সকাল ৯টা ২০ মিনিটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। পরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি প্লেনে করে রওয়া হয়ে সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সকালে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান এবং জেলা প্রশাসক সারওয়ার আলমসহ স্থানীয় নেতারা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।