
ডেস্ক রিপোর্ট : আসন্ন ঈদুল আজহা বা কোরবানির ঈদ কবে পালিত হতে পারে, তা নিয়ে সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে পাকিস্তানের বিশেষজ্ঞ ও চাঁদ দেখা সংক্রান্ত গবেষণা কাউন্সিল। বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে জানানো হয়েছে, আগামী ২৭ মে পাকিস্তানে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার (২ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।
রুয়েত-ই-হিলাল রিসার্চ কাউন্সিলের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৬ ও ১৭ মে মধ্যবর্তী রাত ১টা ১৫ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। ১৭ মে সূর্যাস্তের সময় চাঁদের বয়স ১৮ ঘণ্টার বেশি হবে। আবহাওয়া পরিষ্কার থাকলে ওইদিন সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। সেক্ষেত্রে ১৮ মে হবে জিলহজ মাসের প্রথম দিন এবং ১০ই জিলহজ অর্থাৎ ২৭ মে বুধবার পালিত হবে ঈদুল আজহা।
গবেষণা কাউন্সিলের সেক্রেটারি জেনারেল খালিদ এজাজ মুফতি জানান, বৈজ্ঞানিক তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, এবার পাকিস্তান এবং সৌদি আরবে একই দিনে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৭ মে করাচি ও পেশোয়ারসহ বিভিন্ন শহরে সূর্যাস্তের পর প্রায় ৫৫ থেকে ৬৩ মিনিট পর্যন্ত চাঁদ দিগন্তে দৃশ্যমান থাকবে, যা খালি চোখে দেখার জন্য যথেষ্ট সময়।
তবে আবহাওয়া প্রতিকূল হলে বা ১৭ মে চাঁদ দেখা না গেলে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে জিলহজ মাস শুরু হবে ১৯ মে এবং ঈদুল আজহা একদিন পিছিয়ে ২৮ মে বৃহস্পতিবার পালিত হবে।
বিশেষজ্ঞরা জানান, বৈজ্ঞানিক পূর্বাভাস থাকলেও চাঁদ দেখার চূড়ান্ত ঘোষণা দেবে কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটি। আবহাওয়া এবং স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।