
ডেস্ক রিপোর্ট : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথমবারের মতো সরকার গঠনে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
এই বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত গণনা করা ভোটের হিসাব অনুযায়ী, ১৮৭ আসনে এগিয়ে আছে বিজেপি। আর ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ১০৪ আসনে এগিয়ে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে সর্বশেষ পাওয়া হিসাবের ভিত্তিতে এ তথ্য জানা গেছে।
খবর অনুযায়ী কংগ্রেস একটি এবং বাম জোট একটি আসনে এগিয়ে আছে।
পশ্চিমবঙ্গ বিধানসভার আসনসংখ্যা ২৯৪টি। আজ সোমবার ২৯৩ আসনের ফলাফল ঘোষণা করা হবে। ফলতা আসনে নির্বাচন স্থগিত থাকায় আগামী ২১ মে ওই আসনে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
রাজ্যে বিধানসভায় সরকার গঠনের জন্য ১৪৮ আসনে জিততে হবে।
এদিকে ভারতের নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি ১০৪ আসনে এবং তৃণমূল কংগ্রেস ৬০ আসনে এগিয়ে রয়েছে।
সকাল ৮টা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গণনা শুরু হয়েছে। রাজ্যজুড়ে মোট ৭৭টি ভোট গণনাকেন্দ্র খোলা হয়েছে। শুরুতেই পোস্টাল ব্যালট এবং পরে শুরু হবে ইভিএম ভোট গণনা।
পশ্চিমবঙ্গে এবার কোন দল জিতছে এবং কারা ক্ষমতায় যাচ্ছে—তা সবই স্পষ্ট হবে ভোট গণনার পর। তবে রাজ্যবাসী কার হাতে পশ্চিমবঙ্গের শাসনভার তুলে দিলেন তার একটা প্রাথমিক ধারণা স্থানীয় সময় দুপুর একটার মধ্যেই মিলতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও কিছু কিছু কেন্দ্রের গণনা শেষ হতে রাতও গড়িয়ে যেতে পারে।
পশ্চিমবঙ্গে এবারে মোট দুইটি দফায় ভোট গ্রহণ পর্ব হয়েছে। প্রথম দফায় নির্বাচন হয়েছে ২৩ এপ্রিল, দ্বিতীয় দফায় নির্বাচন হয় ২৯ এপ্রিল।
প্রথম দফায় যে ভোটগ্রহণ হয়েছে, এতে বেশির ভাগ জেলা বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত। আবার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয়েছিল তৃণমূলের দুর্গ বলে পরিচিত দক্ষিণবঙ্গে।
পশ্চিমবঙ্গের সঙ্গে আজ আজ আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরি বিধানসভার নির্বাচনের গণনাও হবে। আসামে ১২৬টি আসনে, কেরালায় ১৪০ আসনে, তামিলনাড়ুতে ২৩৪ আসনে এবং পুদুচেরিতে ৩০ আসনের ফলাফল জানা যাবে আগামীকাল।
পশ্চিমবঙ্গে কখনও সরকার গঠন করতে পারেনি বিজেপি
স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গ মূলত তিনটি প্রধান রাজনৈতিক দল শসন ক্ষমতায় এসেছে। দলগুলো হলো-
ভারতীয় জাতীয় কংগ্রেস: ১৯৪৭ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত (মাঝখানে স্বল্প সময়ের জন্য যুক্তফ্রন্ট সরকার ছিল)।
সিপিআইএমের নেতৃত্বাধীন বামফ্রন্ট: ১৯৭৭ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ৩৪ বছর এই জোট ক্ষমতায় ছিল।
তৃণমূল কংগ্রেস: মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ২০১১ থেকে বর্তমান সময় পর্যন্ত টানা তিনবার পশ্চিবঙ্গের ক্ষমতায় তৃণমূল কংগ্রেস।
এই হিসাব অনুযায়ী বিজেপি পশ্চিমবঙ্গে কখনও সরকার গঠন করতে পারেনি। দীর্ঘদিন ধরে এ রাজ্যে বিজেপি একটি প্রান্তিক শক্তি। বিধানসভায় তাদের আসন সংখ্যা ছিল নগণ্য। তবে ২০১৬ সালের নির্বাচনে বিজেপি প্রথমবার উল্লেখযোগ্যভাবে নিজেদের উপস্থিতি জানান দেয় এবং মাত্র ৩টি আসনে জয়লাভ করে।
এরপর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি চমকপ্রদ ফল করে রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ১৮টিতে জয়লাভ করে। এরপর থেকেই তারা রাজ্যে প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে আসে।
সর্বশেষ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ‘এবার ২০০ পার’ স্লোগান দিয়ে জোরকদমে লড়াইয়ে নামলেও ৭৭টি আসনে থমকে যায়। তবে ৩টি থেকে ৭৭টি আসনে পৌঁছানো ছিল তাদের জন্য এক বিশাল লাফ। তারা প্রথমবারের মতো রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে।