
চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে জুস ক্রয়কে কেন্দ্র করে মোঃ মোজাহিদ মোল্লা (৪২) নামের এক মুদি দোকানীকে ক্রেতা কুপিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৭ টার দিকে উপজেলার হিজলা ইউনিয়নের হিজলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোজাহিদ মোল্লা ওই গ্রামের সরোয়ার মোল্লার ছেলে। তিনি বাংলাদেশ জামায়াত ইসলামী হিজলা ইউনিয়ন শাখার ৩নং ওয়ার্ডের সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুতে বাগেরহাট-১ আসনে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান ও উপজেলা জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ শোক সম্পপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
অপরদিকে, মোজাহিদ মোল্লার মৃত্যর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা হত্যকারী মোঃ বায়জিদ শেখের বাড়িতে (৪০) হামলা চালিয়ে ভাংচুর ও বায়জিদকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত ও আহত বায়জিদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বায়জিদ শেখ হিজলা খাপাড়া গ্রামের বাদশা শেখের ছেলে।
পুলিশ, হাসপাতাল ও এলাকাবাসিরা জানান, বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে প্রতিদিনের ন্যায় মোজাহিদ মোল্লা বাড়ির সামনে দোকানে বসা ছিলেন। এ সময় বায়জিদ শেখ নামের এক ব্যক্তি তাঁর দোকান থেকে একটি জুস ক্রয় করেন। তিনি জুস হাতে নিয়ে বলেন এটা ভালো না। তখন দোকানী মোজাহিদ মোল্লা জুসটি খেয়ে তাকে জানায় এটা খারাপ না। এ নিয়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বায়জিদ তাঁর হাতে থাকা হাসুয়া দিয়ে (ঘাস কাটা এক ধরনের কাস্তে) মোজাহিদের গলায় কোপ দেয়। এতে মোজাহিদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বায়জিদ শেখকে গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শহর জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
নিহত বায়জিদ মোল্লার স্ত্রী এবং হাফিজ, ফারিয়া ও ফারহানা নামে তিনটি শিশু সন্তান রয়েছে।