
খোকসা প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের রামদিয়া গ্রামে পূর্ব শত্রুতা ও পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৪ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে একই পরিবারের সদস্যদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে দুজনকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের স্বজনরা অভিযোগ করেন, পূর্ব পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে। এতে তারা গুরুতর জখম হয়েছেন।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, পান্টি ইউনিয়নের রামদিয়া গ্রামে পারিবারিক সম্পত্তি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।