
বিশেষ প্রতিনিধি : বরিশাল জেলার উজিরপুর উপজেলার দক্ষিণ সাতলা গ্রামে বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্ত মাদকাসক্ত যুবক তামিম হাওলাদার (২০)কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।
জানা যায়, গত ২৪ মে রবিবার সকালে দক্ষিণ সাতলা গ্রামের মৃত আব্দুল জলিল হাওলাদারের ছেলে তামিম হাওলাদার পারিবারিক কলহের জেরে নিজের বসতঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। অগ্নিকাণ্ডে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায় এবং প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে।
ঘটনার পর ওইদিন রাত সাড়ে ৯টার দিকে তামিম এলাকায় প্রবেশ করলে স্থানীয়রা তাকে আটক করে উজিরপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ ঘটনায় তামিমের বড়ো বোন সুলতানা বেগম বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাবার মৃত্যুর পর দুই বোন ও দুই ভাই নিয়ে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিল। তামিমের বড় ভাই নাঈম হাওলাদার প্রবাসে থাকলেও তামিম ও তার মা বাড়িতে বসবাস করতেন। পরিবারের অভিভাবকশূন্য অবস্থার সুযোগে তামিম মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকের টাকার জন্য প্রায়ই সে বাড়িতে ভাঙচুর ও অশান্তি সৃষ্টি করতো বলে অভিযোগ রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, তামিমকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে চারবার মাদক নিরাময় কেন্দ্রে (রিহ্যাব) ভর্তি করা হলেও প্রতিবারই সে পুনরায় মাদকে জড়িয়ে পড়ে। সর্বশেষ নেশাগ্রস্ত অবস্থায় নিজ বাড়িতে অগ্নিসংযোগের মতো ভয়াবহ ঘটনা ঘটায়।
উজিরপুর মডেল থানার এসআই তারেক আজিজ জানান, বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত আসামি তামিম হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম বলেন, “অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার আসামি তামিম হাওলাদারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”