
ডেস্ক রিপোর্ট : পবিত্র শহর মক্কা থেকে ২০ কিলোমিটার দূরে আরাফার ময়দানে পবিত্র হজের খুতবা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ সময় বিকেল ৩টা ২০ মিনিটের দিকে খুতবা পাঠ শুরু করেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি।
ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী, সৌদি আরবে ৯ জিলহজ পবিত্র হজ পালিত হচ্ছে। দিনটি ‘আরাফার দিবস’ হিসেবে পরিচিত। ঐতিহাসিক এই ময়দানে গোনা বিশ্ব থেকে প্রায় ১৬ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান সমবেত হয়েছেন।
চারদিক মুখরিত হয়ে উঠেছে এক সুরে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুল্ক, লা শারিকা লাক।’ হাজার মাইল দূরে থেকেও যেন আমি শুনতে পাচ্ছি সেই ধ্বনি।
এবার হজের খুতবা বাংলা ও উর্দুসহ প্রায় ৫০টি ভাষায় অনুবাদ করে প্রচারিত হচ্ছে। এ নিয়ে টানা সপ্তমবারের মতো বাংলা ভাষায় হজের খুতবার অনুবাদ সম্প্রচার হচ্ছে।
চলতি বছর খুতবার বাংলা অনুবাদ কার্যক্রমে রয়েছেন ড. মুহাম্মদ খলীলুর রহমান, ড. আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব। তারা সবাই মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটিতে বিভিন্ন সময়ে পড়াশোনা করেছেন।
হজের গুরুত্বপূর্ণ ফরজের অন্যতম হলো আরাফাতের ময়দানে অবস্থান। মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘আরাফাতে অবস্থানই হজ।’ তাই, এই দিনের গুরুত্ব মুসলিমদের কাছে অন্য যে কোনো দিনের চেয়ে আলাদা। বিশ্বাস করা হয়, এ দিন আল্লাহ সবচেয়ে বেশি বান্দাকে ক্ষমা করেন।