
ডেস্ক রিপোর্ট : টানা ১৫ দিন ধরে প্যান্ডেল তৈরি ও শামিয়ানা দিয়ে ঘিরে সাজানো হয়েছিল খুলনা সার্কিট হাউজ মাঠ। আসন্ন ঈদ-উল-আযহার প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি চলছিল এ মাঠে।
কিন্তু বুধবার (২৭ মে) সকাল ৮টার দিকে আধাঘণ্টার হঠ্যাৎ ঝড়ে লন্ডভন্ড হয়ে পড়েছে খুলনা সার্কিট হাউজ মাঠ। সার্কিট হাউজ মাঠের প্রায় ৯০ ভাগ কাজ শেষ হয়েছিল।
কিন্তু ঝড়ের কারণে বাঁশের সঙ্গে টাঙানো শামিয়ানা ছিঁড়ে চলে গেছে। কিছু বাঁশ পড়ে গিয়েছে। সাজসজ্জার সব উলোট পালোট হয়ে গেছে। বৃষ্টির কারণে মাঠে কিছুটা পানি জমছে। আবারও পুনঃনির্মাণ করা হবে বলে জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) রাজিব আহমেদ।
ঈদের জামাত মাঠে হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা এখনও বলা যাচ্ছে না। বুধবার রাত পর্যন্ত দেখা হবে। আবহাওয়া ভালো থাকলে সবকিছু আবার ঠিক করা হবে। তবে বৃষ্টি চলছে তাহলে সম্ভাবনা থাকবে না।
উল্লেখ্য, পূর্বঘোষণা অনুযায়ী খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটায়।
খুলনায় পবিত্র ঈদ-উল আজহার প্রধান জামাত সকাল সাতটায় খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত সকাল আটটায় ও তৃতীয় জামাত সকাল নয়টায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল সাতটায় প্রথম জামাত, আটটায় দ্বিতীয় এবং সকাল নয়টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।