1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

যশোরে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে দুই শিশু আহত

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোর শহরের ধর্মতলা খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকায় কুড়িয়ে পাওয়া বোমা সদৃশ বস্তু নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে দুই শিশু গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) বিকেল সাড়ে ৩টার দিকে কামগাজী পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণে শিশু দুটির হাত, মুখমণ্ডল, বুক ও চোখ ঝলসে গেছে।

আহতরা হলো ওই এলাকার রাজীব খানের ছেলে রেজওয়ান (৭) এবং ইয়াসিনের ছেলে ইসমাইল ওরফে সিয়াম (৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে খেলাধুলার সময় দুই শিশু পুকুরপাড়ে একটি বোমা সদৃশ বস্তু দেখতে পায়। পরে খেলার ছলে সেটি হাতে নেওয়ার পর অসাবধানতাবশত বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

আহত শিশু রেজওয়ানের মা বৃষ্টি বেগম বলেন, “আমার ছেলের বুক, চোখ ও হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কীভাবে তার চিকিৎসা করাবো জানি না। আল্লাহ আমাদের কপালে কী লিখেছেন তাও জানি না।”

হাসপাতালের চিকিৎসকরা জানান, আহত রেজওয়ানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। অপর শিশু সিয়াম যশোর জেনারেল হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে। বিস্ফোরণে তাদের হাত ও মুখমণ্ডল ঝলসে গেছে এবং চোখেও গুরুতর আঘাত লেগেছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুম খান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কারা ওই স্থানে বোমা সদৃশ বস্তুটি রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।