
বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সেবনের অভিযোগে মোহাম্মদ রাজু মোল্লা (৩০) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানূর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রাজু মোল্লা উপজেলার ধুলজুড়ী গ্রামের পিয়ার মোল্লা ও চায়না বেগম দম্পতির ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাজু মোল্লার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবনের অভিযোগ ছিল। তার মাদকাসক্তির কারণে স্থানীয় যুবসমাজ ও পারিবারিক পরিবেশে বিরূপ প্রভাব পড়ছিল বলে অভিযোগ রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের কথা জানিয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।