
ডেস্ক রিপোর্ট : ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদকপাচার ও চোরাচালান প্রতিরোধে জামালপুরের সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি ও টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৮ জুন) সকাল থেকে জেলার দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অতিরিক্ত টহল শুরু করেছে বিজিবি। একই সঙ্গে কুড়িগ্রামের রৌমারী-রাজিবপুর সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে।
এছাড়া সীমান্তবর্তী গ্রামগুলোতে স্থানীয় জনগণকে সচেতন করতে নিয়মিত মাইকিং করা হচ্ছে। কোনো অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক কাউকে নজরে এলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর অনুরোধ করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দারাও বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করছেন।
বিজিবি থেকে জানায়, সীমান্তের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য সদস্যরা প্রস্তুত রয়েছেন। সীমান্ত এলাকায় সার্বক্ষণিক গোয়েন্দা তৎপরতাও অব্যাহত রয়েছে।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, আমাদের ব্যাটালিয়নের আওতায় মোট ৭২ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় ২৬ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। আমাদের বিওপিগুলোতে বর্তমানে উদ্বেগজনক কোনো পরিস্থিতি নেই। তবে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিরোধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।