
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া : নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী বাজার বাবুর মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে আয়োজিত এই সমাবেশে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। জনসভাকে ঘিরে পুরো চাঁচুড়ী বাজার এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নড়াইল-১ (৯৩) আসনের দাড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কাইসার। তিনি তার বক্তব্যে বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে ইসলামী আদর্শভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই। জনগণের অধিকার, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
মাওলানা ওবায়দুল্লাহ কাইসার আরও বলেন, “দীর্ঘদিন ধরে এ দেশের মানুষ শোষণ, দুর্নীতি ও অনিয়মের শিকার। জনগণ এখন পরিবর্তন চায়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সেই পরিবর্তনের সূচনা করতে হবে।”
জনসভায় বিশেষ অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে গণসংযোগ জোরদার এবং ভোটের মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তারা বলেন, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত হলে জামায়াতে ইসলামী জনগণের সমর্থনে বিজয় অর্জন করবে।
সমাবেশে কালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাড়াও আশপাশের এলাকা থেকে আগত নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। মাঠ ও আশপাশের সড়কে বিপুল জনসমাগম সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
Like this:
Like Loading...
Related