
নিজস্ব প্রতিনিধি : সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে খুলনায় পালিত হয়েছে সুন্দরবন দিবস। দিবসটি উপলক্ষে শনিবার বিকেলে নগরীর বিআইডাব্লিউটিএ লঞ্চঘাটে ট্যুর অপারেটর এসোসিয়েশন অব সুন্দরবনে (টোয়াস)’র আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সংগঠনের সভাপতি মো. মইনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। এ সময় বন বিভাগ, ট্যুর অপারেটর, শিক্ষক, লেখক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনায় সুন্দরবনের পরিবেশগত গুরুত্ব, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বন রক্ষায় সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। এর আগে সকালে খুলনা রেলওয়ে স্টেশন এলাকা থেকে একটি র্যালির মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা করে আয়োজকরা। তাদের আশা এ ধরনের কর্মসূচির মাধ্যমে সুন্দরবন রক্ষায় জনসচেতনতা আরও বাড়বে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণ করা সম্ভব হবে।