
ডেস্ক রিপোর্ট : বাগেরহাটে ঝাড়ু হাতে সড়ক, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ স্থান পরিস্কার করেছেন সংসদ সদস্যরা। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট কোর্ট মসজিদ চত্বরে মাসব্যপি পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। নিজেই ঝাড়ু দিয়ে ময়লা পরিস্কার করেন তরুণ এই সংসদ সদস্য। সংসদ সদস্য ও তার নেতাকর্মীরা কোর্ট মসজিদ চত্বর ও আসপাশ এলাকা পরিস্কার করেন।
পরে বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা কাজে অংশ নেন। এসময়, বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম সমাদ্দার,জেলা জামাতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ,পৌর জামায়াত ইসলামের আমির মাওলানা শামীম আহসান, জামাত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক চৌধুরী, একরামুল হক সহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্যের সাথে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও পরিচ্ছন্নতা কর্মীরাও পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহন করেন।
নির্বাচিত সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, বাগেরহাট সদর ও কচুয়া দুই উপজেলাতে রমজানে মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। হাসপাতাল মসজিদ, মাদ্রাসা ও হাট-বাজার সহ সর্বত্রই এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান থাকবে। পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সুন্দর রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে বলে জানান এই সংসদ সদস্য।
এদিকে এদিন সকালে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম মোরেলগঞ্জ পৌরসভা, প্রধান বাজারসহ বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর আমির মাষ্টার রফিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমির মাষ্টার মনিরুজ্জামান, শ্রমিক ফেডারেশনের উপজেলা সভাপতি আব্দুল মান্নানসহ বিভিন্ন নেতারা।
সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম বলেন, এই শহর আমাদের, শহরে বসবাস করি আমরা। কিন্তু দীর্ঘদিন ময়লা আবর্জনাযুক্ত থাকে আমাদের এই শহর। কেউ ময়লা আবর্জনা পরিস্কারে এগিয়ে আসে না। তাই আমি এই পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি। আজকে মোরেলগঞ্জ শহরের বিভিন্ন এলাকা পরিস্কার করেছি। ভবিষ্যতে এ ধরণের ইতিবাচক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।