1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতি করব না, কাউকে করতেও দেবো না: শিক্ষামন্ত্রী

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমরা দুই মন্ত্রী দুর্নীতি করবো না, করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার।
আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
এহছানুল হক মিলন বলেন, আমরা দুই মন্ত্রী দুর্নীতি করবো না। এই মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত রাখবো। সব সেক্টর দুর্নীতিমুক্ত রাখবো। দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় হবে। রাজনীতিমুক্ত মন্ত্রণালয় হবে। এই দুটি বিষয় থেকে মন্ত্রণালয়মুক্ত রাখবো। আমরা যেকোনো সিদ্ধান্ত সম্মিলিতভাবে নেব।
মন্ত্রী আরও উল্লেখ করেন, শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্ট বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, যদিও বাজেটসংক্রান্ত কিছু সীমাবদ্ধতা রয়েছে, তবু শিক্ষকদের অন্যান্য দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। নতুন বাজেটে অনেক বিষয় অন্তর্ভুক্ত না থাকায় তাৎক্ষণিকভাবে সব দাবি বাস্তবায়ন সম্ভব নয়, তবে সরকার এ বিষয়ে আন্তরিক।
মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগগুলো পর্যায়ক্রমে পর্যালোচনা ও সমাধান করা হবে। স্কুল ব্যবস্থাপনা কমিটি ও গভর্নিং বডি–সংক্রান্ত বিষয়েও আলোচনা চলছে। একজন ব্যক্তিকে একাধিক প্রতিষ্ঠানের দায়িত্ব না দেওয়ার বিষয়টি ম্যানেজিং কমিটির সভায় বিবেচনা করা হবে।
এনটিআরসি (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, নিয়োগ ব্যবস্থায় যেসব পরিবর্তন এসেছে, তা পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। কোথায় সংশোধন দরকার, তা রিভিউ করে দেখা হবে। ‘আমরা দুর্নীতি করি না, করব না, করতে দেব না’—এই অবস্থানে সরকার অনড়। শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টসহ অন্যান্য আর্থিক বিষয় নিয়েও শিগগিরই বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে শিক্ষা খাত সর্বাধিক গুরুত্ব পাচ্ছে। সাম্প্রতিক মন্ত্রিসভা বৈঠকেও শিক্ষা-সংক্রান্ত বিষয়গুলো প্রাধান্য পেয়েছে।
সভায় উপস্থিত শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি বা রাজনীতিকরণ হবে না।
তিনি যোগ করেন, তিনি নিজে এবং শিক্ষামন্ত্রী উভয়েই এ বিষয়ে কোনো ছাড় দেবেন না।
মোটকথা, শিক্ষা মন্ত্রণালয়কে দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে পরিচালনার প্রতিশ্রুতি এই সভায় পুনর্ব্যক্ত করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট