
ডেস্ক রিপোর্ট : মাদারীপুরে প্রেম করে বিয়ের এক বছরের মাথায় মিম আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিম আক্তার কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর কানাইপুর গ্রামের মৃত নান্নু হাওলাদারের মেয়ে। অপরদিকে অভিযুক্ত রিয়াদ খান (একেএম আব্দুল্লাহ নোমান) সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কালাইমারা গ্রামের আব্দুস সাত্তার খানের ছেলে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানায়, বছরখানেক আগে রিয়াদ খানের সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ে হয় মিম আক্তারের। এরপর দুজনে শহরের বিসিক শিল্পনগরী এলাকার একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।
বুধবার রাতে হঠাৎ মিমের মৃত্যুর বিষয়টি তার পরিবারকে জানায় রিয়াদ। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পাঠানো হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে। এ সময় অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। এই ঘটনায় তদন্তপূর্বক দোষীর বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।
নিহতের চাচা মো. খবির হাওলাদার বলেন, আমার ভাতিজির এমন মৃত্যু মেনে নিতে পারছি না। ওর বাবা নেই, ছোটবেলা থেকে আমি মিমকে বড় করেছি। এই ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি অপরাধীর বিচার চাই।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গৃহবধূর মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের পর বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। এ ছাড়া নিহতের পরিবার থেকে থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।