
বিশেষ প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সকাল ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমী রাণী মিত্র-এর নেতৃত্বে উজিরপুর উপজেলার বন্দর এলাকা ও গড়িয়া নতুন হাটে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় উজিরপুর উপজেলা পরিষদ সংলগ্ন চৌরাস্তায় অবস্থিত আতিক মেডিকেল হল-এ তল্লাশি চালিয়ে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া গড়িয়া নতুন হাট এলাকায় অবস্থিত মদিনা পোল্ট্রি ফিড ও রাহিয়ান পোল্ট্রি ফিড-এ মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের প্রমাণ পাওয়ায় যথাক্রমে ৫ হাজার টাকা ও ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে উজিরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন এসএম ইলিয়াস উদ্দিন, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, উজিরপুর।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এবং বাজারে নিরাপদ খাদ্য ও পণ্যের নিশ্চয়তা দিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Like this:
Like Loading...
Related