
তালা প্রতিনিধি : তালা উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে ধীরগতির অভিযোগ উঠেছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অর্ধেক কাজ শেষ হয়েছে। ধাপে ধাপে প্রকল্পের ব্যয় বাড়লেও কাজ কবে নাগাদ শেষ হবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৪ জুলাই ভবনটির নির্মাণকাজ শুরু হয়। শুরুতে প্রকল্পের চুক্তিমূল্য ছিল ১১ কোটি ২৯ লাখ ৬৫ হাজার টাকা। পরবর্তীতে ব্যয় বাড়িয়ে ১২ কোটি ৫৫ লাখ ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। রাজশাহীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বরেন্দ্র কনস্ট্রাকশন এই কাজটি করছে। সিডিউল অনুযায়ী ২০২৫ সালের ১৩ অক্টোবরের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু বর্তমানে ২০২৬ সালের মার্চ মাস চললেও কাজের অগ্রগতি মাত্র ৫০ শতাংশ।
সরেজমিন দেখা গেছে, ৬ তলা ফাউন্ডেশনের এই ভবনের ৫ তলা পর্যন্ত সম্পন্ন হওয়ার কথা। বর্তমানে কেবল তৃতীয় তলার ছাদ ঢালাই শেষ হয়েছে। ধীরগতির কারণে স্থানীয়রা ও সেবাগ্রহীতারা দীর্ঘ প্রতীক্ষায় রয়েছেন।
স্থানীয় সমাজসেবক মীর জিল্লুর রহমান বলেন, ‘কাজটি দ্রুত শেষ হলে উপজেলা পর্যায়ে প্রশাসনিক কাজে গতি আসত। সরকারের এই উন্নয়ন প্রকল্পের সুফল পেতে আমরা মুখিয়ে আছি।’
এ বিষয়ে তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার বলেন, ‘ইতিমধ্যে তৃতীয় তলার ছাদ ঢালাই শেষ হয়েছে। একটি ঢালাই দেওয়ার পর সেন্টারিং খুলতে এক মাস সময় লাগে। আগামী জুন মাসের মধ্যে ঠিকাদার কাজটি হস্তান্তর করবেন—এমন লক্ষ্য নিয়ে আমরা কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করছি।’ তবে বর্তমান কাজের গতি অনুযায়ী জুনের মধ্যে হস্তান্তর সম্ভব কি না, তা নিয়ে খোদ দপ্তরের ভেতরেই গুঞ্জন রয়েছে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তারেক হাসান বলেন, ‘ভবনটির নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কেন কাজ পিছিয়ে আছে, তা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’