
পাইকগাছা প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে খুলনার পাইকগাছা পৌরসভার অসহায়, গরিব ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে। ১৬ মার্চ সোমবার সকাল ১১টায় পৌরসভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে মোট ৪৬.২৫ মেট্রিকটন বরাদ্দকৃত চাল পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ৪,৬২৫ জন দরিদ্র উপকারভোগী পরিবারকে ১০ কেজি করে প্রদান করা হয়। চাল বিতরণকালে পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে এই চাল বিতরণ করা হচ্ছে। আমরা চেষ্টা করছি যেন কোনো প্রকৃত অভাবী মানুষ এই সহায়তা থেকে বাদ না পড়ে। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে ৯টি ওয়ার্ডের মানুষের হাতে এই চাল পৌঁছে দেওয়া হচ্ছে।” বিতরণ অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, উপজেলা সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লালু সরদার সহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পবিত্র উৎসবের আগে সরকারের এই মানবিক সহায়তা পেয়ে দুস্থ পরিবারগুলোর মাঝে সন্তোষ দেখা গেছে।