বাগেরহাটের মোরেলগঞ্জে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৬ উৎযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ। বৃহস্পতিবার প্রথম প্রহরে শহীদের বিজয়স্তম্ভে পুষ্পর্পণের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। উপজেলা চত্বরে সকাল সাড়ে ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির পায়রা উড়িয়ে আনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ। এ সময় সম্মানিত অতিথি হিসেবে স্বাগত বক্তৃতা করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি অতীশ সরকার,থানা অফিসার্স ইনচার্জ মাহমুদুর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহ আলম বাবুল,পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিলন,জেলা বিএনপি নেতা মনিরুল হক ফরাজী, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, পৌর জামায়াতের আমীর মোঃ রফিকুল ইসলাম,জামায়েত নেতা অধ্যাপক আব্দুল মান্নানসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ সহ সর্বস্তরের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাঠ প্যারেড কুচকাওয়াজ ও জাতীয় পতাকাকে সালাম প্রদর্শন করেন।পরে অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শরীরচর্চা,ডিসপ্লে,কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গ্রাম বাংলার ঐতিহ্য ও স্বাধীনতা যুদ্ধের রনাঙ্গনে মুক্তিযোদ্ধারা সম্মুখ যুদ্ধের অংশগ্রহণের বিভিন্ন চিত্র প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরেন। অনুষ্ঠানে গোটা মাঠ বিভিন্ন প্রর্শনীতে মাতালেন শিক্ষার্থীরা।
পরবর্তীতে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বেলা ১১ টায় উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধাগনদের ফুলের শুভেচ্ছা ও উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়।