
সাতক্ষীরা প্রতিনিধি : ফিলিং স্টেশন গুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কাঙ্খিত তেল পাওয়া না পাওয়া নিয়ে যখন বিশৃঙ্খলা চলছে এরই মধ্যে মোটরসাইকেলের জন্য জ্বালানি তেল সরবরাহে নতুন বিধিনিষেধ আরোপ করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন।
বুধবার (২৫মার্চ) সন্ধ্যায় সাতক্ষীরা জেলা তথ্য অফিস এ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তির গণমাধ্যমে পাঠিয়েছেন।
জরুরী বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়, বৈধ কাগজপত্র ও ফুয়েল কার্ড ছাড়া মোটরসাইকেলে জ্বালানি দেওয়া হবে না।
ঘোষণা অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার সব ফিলিং স্টেশন থেকে শুধুমাত্র মোটরসাইকেলে জ্বালানি নেওয়া যাবে।
নির্ধারিত সময়ের বাইরে কোনো পাম্প বা ডিলার পয়েন্ট থেকে জ্বালানি সরবরাহ করা যাবে না।
এছাড়া জ্বালানি নিতে গেলে চালকদের বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেন, সঙ্গে রাখতে হবে এবং হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে জেলা প্রশাসনের সিল ও স্বাক্ষরযুক্ত নির্ধারিত ফুয়েল কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।
এই কার্ড ছাড়া কোনো ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্ট থেকে জ্বালানি দেওয়া হবে না। ফুয়েল কার্ড জেলা প্রশাসকের কার্যালয়, ইউএনও অফিস ও জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
সাতক্ষীরা জেলা তথ্য কর্মকর্তা মো: জাহারুল ইসলাম বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
জরুরী বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, প্লাস্টিক বোতল, ড্রাম বা কোনো ধরনের কন্টিনারে জ্বালানি সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ।
পাশাপাশি অনুমোদিত ফিলিং স্টেশন ও ডিলার পয়েন্ট ছাড়া খোলা বাজারে জ্বালানি তেল ক্রয়-বিক্রয় বন্ধ থাকবে।
নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে প্রশাসন।
এ বিষয়ে সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সাথে যোগাযোগ করা হলে তিনি রাত ১০ টায় বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার থেকে এ নির্দেশ কার্যকর হবে।