
যশোর অফিস : যশোরের ঝিকরগাছা উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির প্রায় সাড়ে ১৯ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিয়াউর রহমান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকালে উপজেলার কুন্দিপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক জিয়াউর রহমান বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে। বর্তমানে তিনি কুন্দিপুর গ্রামে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল ঝিকরগাছা উপজেলার নাভারণ পুরাতন বাজার রেলক্রসিং ও কুন্দিপুর এলাকায় অভিযান চালায়। ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর সুজন কুমার মন্ডলের নেতৃত্বে এ অভিযানে এসআই সালাউদ্দিন খানসহ অন্যান্য সদস্যরা অংশ নেন।
অভিযানের সময় সকাল পৌনে ১০টার দিকে কুন্দিপুর রেলক্রসিং এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে জিয়াউর রহমানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। সেখানে শয়নকক্ষের সানসেটের ওপর থেকে আরও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তল্লাশির একপর্যায়ে ঘরের জুতার র্যাকের ভেতর থেকে ১৬ লাখ টাকা এবং ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ৩ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়।
উদ্ধারকৃত মোট ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা মাদক বিক্রির অর্থ বলে আটক জিয়াউর রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, আটক জিয়াউর রহমানের বিরুদ্ধে এর আগেও বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে।