
ডেস্ক রিপোর্ট : ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগের মামলায় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার।
আজ সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টা ২০ মিনিটে তিনি রিকশায় চড়ে মূল ফটকে আসেন। পরে সাদা রঙের একটি গাড়িতে করে কারাগারের মূল ফটক দিয়ে বের হয়ে যান। এ সময় তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কিন্তু তিনি অসুস্থ থাকায় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
বাউলশিল্পী আবুল সরকারের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুন। তিনি বলেন, জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে আর কোনো মামলা না থাকায় তাঁকে আজ বেলা ১১টার দিকে মুক্তি দেওয়া হয়।
আবুল সরকারের আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল জানান, গত বছরের ২০ নভেম্বর ধর্ম অবমাননা ও কটুক্তির অভিযোগের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বাউলশিল্পী আবুল সরকার জামিন চেয়ে আবেদন করলে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৬ মাসের অন্তবর্তীকালীন এ জামিন দেন গত ৫ এপ্রিল ।
৫ এপ্রিল উচ্চ আদালত থেকে এই বাউলশিল্পীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়।
উল্লেখ্য, এর আগে গত ৪ নভেম্বর মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় জাবরা এলাকায় খালা পাগলির মেলায় পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার ধর্ম অবমাননা ও আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।