
নিজস্ব প্রতিবেদক : খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) সোনাডাঙ্গা মডেল থানার এএসআই (নিঃ) হাসান জাহিদ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে শেরে বাংলা রোডের আমতলা মোড় এলাকা থেকে মো. রাজ্জাক (৩৫) নামে ওই আসামিকে গ্রেফতার করেন। তিনি পশ্চিম বানিয়াখামার এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাজ্জাক খুলনা সদর এলাকার জিআর নং-১৪০৫/০৮ মামলায় আদালত কর্তৃক এক বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামি। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া টাঙ্গাইলের বাসাইল থানার জিআর নং-১২/২৩ মামলাতেও তিনি পরোয়ানাভুক্ত আসামি। কেএমপি সূত্রে জানা গেছে, আসামির অপরাধসংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, তার বিরুদ্ধে লবণচরা থানাসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতির অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে। তিনি একটি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে পুলিশের দাবি। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ।