
ডেস্ক রিপোর্ট : সরবরাহকারী কোম্পানিগুলোর গাফিলতির কারণেই জ্বালানির সংকট হয়েছিল বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
রাজধানীর বিয়াম মিলনায়তনে শনিবার (২ মে) বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।
জ্বালানিমন্ত্রী বলেন, জ্বালানি সংকট যেটা দেখা দিয়েছিল, তার মূল কারণ তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতি। জ্বালানি সচিবের নির্দেশনা অনেক ক্ষেত্রে সঠিকভাবে বাস্তবায়ন করা হয়নি।
তিনি দাবি করেন, পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইনের পেছনে ‘কৃত্রিম’ কারণ ছিল। এতে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে। আমাদের লোকজনও ঠিকমতো কাজ করতে পারলে এ লাইনও থাকত না।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, গত ২০ বছর ধরেই মেগা বাজেট হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, গবেষণায় কত টাকা দেওয়া হচ্ছে। যে দেশ গবেষণায় পিছিয়ে থাকে, তারা অন্যের ওপর নির্ভরশীল থাকতে বাধ্য হয়।