
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভিন্ন মামলার আসামি মো. জারজিদ মোল্লাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিনগত রাত ২টার দিকে উপজেলার খড়রিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জারজিদ মোল্লা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পিরোলী ইউনিয়নের সাধারণ সম্পাদক। তিনি খড়রিয়া গ্রামের আব্দুস সামাদ মোল্যার ছেলে। তার বিরুদ্ধে পিরোলী গ্রামের মোফাজ্জেল শেখ হত্যা মামলাসহ নাশকতার দুটি ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) করা তিনটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের চেয়ারম্যান জারজিদ মোল্যা বিভিন্ন মামলায় আসামি হওয়ার পর দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। শনিবার দিনগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে নিজের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
কালিয়া থানার ওসি ইদ্রিস আলী জানান, গ্রেফতার হওয়া ইউপি চেয়ারম্যান জারজিদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে রবিবার আদালতে পাঠানো হয়েছে।