
ডেস্ক রিপোর্ট : কুমিল্লার দেবীদ্বারে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ড ভ্যানচাপা আট বছর বয়সী এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে পাগলপ্রায় বাবাসহ পুরো পরিবার। কাভার্ডভ্যানটি শনাক্ত করে আটকের চেষ্টা করছে পুলিশ।
আজ রোববার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম মো. খালিদ হোসেন (৮)। সে দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন স্বপনের ছেলে।
স্থানীয়রা জানিয়েছে, সকালে মাদ্রাসা শেষে বাবার মোটরসাইকেলে বাড়ি ফিরছিল খালিদ। পথে মহাসড়কের একটি স্থানে যানবাহনের ঝাঁকুনিতে সে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। শিশুটি ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে। কাভার্ডভ্যানটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।