
ডেস্ক রিপোর্ট : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনুস, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলাটির আবেদন করেন নিহত শিক্ষার্থীর উক্য ছাইং মার্মার বাবা উসাইমং মারমা। এসময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রাখেন।
বাদী পক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মামলার আবেদনে আরও যাদের আসামি করা হয়েছে- এয়ার ভাইস মার্শাল মোরশেদ মোহাম্মদ খায়ের উল আফসার, গ্রুপ ক্যাপ্টেন রিফাত আক্তার জিকু, মাইলস্টোন স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ জিয়াউল আলম, উপদেষ্টা নূরনবী (অব: কর্ণেল), প্রিন্সিপাল (প্রশাসন) মাসুদ আলম, প্রিন্সিপাল (স্কুল শাখা) রিফাত নবী, রাজউকের চেয়ারম্যান, ফিল্ড সুপার ভাইজার (উত্তরা), শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সিদ্দিক জুবায়ের, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, পরিবেশ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ডা: রেজোয়ানা হাসান ও সাবেক প্রেস সচিব শফিকুল আলম।
আবেদনে আসামিদের বিরুদ্ধে অবহেলা জনিত মৃত্যু ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় মোট ৩৬ জন নিহত এবং ১২৪ জন আহত হন। তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ হিসেবে যুদ্ধবিমানের পাইলটের উড্ডয়ন-ত্রুটি চিহ্নিত করেছে।