
কালিয়া (নড়াইল) প্রতিনিধি : “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
নড়াইল জেলা হাসপাতাল ও নড়াইল নার্সিং কলেজের যৌথ উদ্যোগে মঙ্গলবার (১২ মে) সকালে জেলা হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিনা সাত্তার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু, জেলা হাসপাতালের নার্সবৃন্দ এবং নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
পরে সকাল ১০টায় জেলা হাসপাতালের সভাকক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গফ্ফারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রকিবুল ইসলাম পিপিএম-বিপিএম, ডাক্তার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মো. শাহাবুদ্দিন, জেলা হাসপাতালের ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক জয়া রানী চক্রবর্তী, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন নড়াইল জেলা শাখার সভাপতি শাহিনুর খানম, সাধারণ সম্পাদক মোসা. মুজিদা খানম, সিনিয়র স্টাফ নার্স পলি রানী কুন্ডুসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা নার্সদের দাপ্তরিক বৈষম্য দূরীকরণ, কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ এবং তাদের যথাযথ সম্মান ও পেশাগত মর্যাদা নিশ্চিত করার দাবি জানান।
অনুষ্ঠান শেষে অতিথিরা কেক কেটে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করেন।
Like this:
Like Loading...
Related