
ডেস্ক রিপোর্ট : চুয়াডাঙ্গা জেলায় আম সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুর ১২ টায় মহিলা কলেজ পাড়া সংলগ্ন মহলদার আম্রকানন বাগানে গাছ থেকে আম পেড়ে মৌসুমের উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা আম ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনের আগে জেলা প্রশাসক বাগান পরিদর্শন করেন এবং আমের গুণগত মান ও নিরাপদ উৎপাদন বিষয়ে খোঁজখবর নেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নির্ধারিত ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আজ বুধবার থেকে আটি, গুটি ও বোম্বাই জাতের আম সংগ্রহ শুরু হয়েছে। আগামী ২০ মে থেকে হিমসাগর, ২৫ মে ল্যাংড়া, ৫ জুন আম্রপালি, ১৫ জুন ফজলি, ২০ জুন হাড়িভাঙা, ২২ জুন ব্যানানা, ৩০ জুন আশ্বিনা ও বারি-৪, ৫ জুলাই কাটিমন এবং ৩১ জুলাই থেকে গৌড়মতি জাতের আম সংগ্রহ করা যাবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, ‘অপরিপক্ব আম যাতে বাজারে না আসে, সে বিষয়ে কৃষি বিভাগ কঠোর নজরদারি করবে। আশা করছি, এ বছরও জেলার উৎপাদিত আম দেশের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ‘নির্ধারিত ম্যাঙ্গো ক্যালেন্ডার সব বাগান মালিক ও ব্যবসায়ীকে অনুসরণ করতে হবে। নিয়ম ভঙ্গ করলে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাজার তদারকিতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত অভিযান পরিচালনা করবে।’
এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক (উদ্যান) দেবাশীষ কুমার দাস, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল শামীম, জেলা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, আম ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, রিন্টু মহলদারসহ স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় ২ হাজার ২০৩ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এ বছর জেলায় ৩০ হাজার ৮৪২ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।