
ক্রীড়া প্রতিবেদক : ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি করেও ব্যর্থ হয়েছে পাকিস্তান। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশের বিপক্ষে যে চার ম্যাচ খেলেছে, তার মধ্যে তিনটিতে হেরেছে পাকিস্তান। শান মাসুদ-মোহাম্মদ রিজওয়ানদের এমন অবস্থা দেখে সামাজিক মাধ্যমে ক্ষোভ ঝেরেছেন আহমেদ শেহজাদ।
যে পাকিস্তানের বিপক্ষে ১৯৯৯ বিশ্বকাপে জয়ের পর ১৬ বছর কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ, ২০১৫ সাল থেকে সেই চিত্রটা বদলেছে। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—যে কোনো সংস্করণের ম্যাচই হোক না কেন, পাকিস্তানের সঙ্গে লড়াই হচ্ছে সমানে সমানে। মার্চে ওয়ানডে সিরিজ হারের পর গতকাল মিরপুরে সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানে পাকিস্তান হেরেছে বাংলাদেশের কাছে।
১০৪ রানের জয়ে নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, নাহিদ রানাদের কৃতিত্ব দিয়েছেন শেহজাদ। একই সঙ্গে পাকিস্তানের সাবেক ওপেনার ধুয়ে দিয়েছেন মাসুদ-রিজওয়ানদের। প্রসঙ্গক্রমে শেহজাদ উল্লেখ করেছেন জিম্বাবুয়ের কথা। নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে শেহজাদ বলেন, ‘বাংলাদেশ নিজেদের মাঠে পুরো পাঁচ দিন আধিপত্য বিস্তার করে খেলল। শেষ পর্যন্ত ম্যাচটা জিতল। কখনো তোমরা (পাকিস্তান) জিম্বাবুয়ের কাছে হারো, কখনো বাংলাদেশের কাছে। ধুলোয় মিশে যাচ্ছে পাকিস্তানের ক্রিকেট।’
মিরপুরে গতকাল ১০৪ রানে জিতে বাংলাদেশ নিজেদের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণেই জয়ের কীর্তি গড়েছে। শুধু তা-ই নয়, পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের হ্যাটট্রিক করেছে বাংলাদেশ। যার শুরুটা হয়েছিল ২০২৪ সালে। সেবার পাকিস্তানকে তাদের মাঠে ২-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল বাংলাদেশ।
শেহজাদের মতে গত দুই বছরে পাকিস্তানের কোনো উন্নতি হয়নি। বাংলাদেশের কাছে ১০৪ রানে হারের পর নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সাবেক পাকিস্তানি ক্রিকেটার বলেন, ‘২০২৪ সালে বাংলাদেশ তোমাদের যেভাবে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছিল, সেটা আসলে ফ্লুক ছিল না। তোমরা বলেছিলে ভাগ্যের জোরে তারা (বাংলাদেশ) জিতেছে। এরপর ওয়ানডে সিরিজে তারা তোমাদের হারাল। তোমাদের দিয়ে হবে না।’
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের কাছে হারলেও পাকিস্তান ফাইনালে উঠেছিল। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপে পাকিস্তান রানার্সআপ হয়েছিল ইংল্যান্ডের কাছে হেরে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরে প্রথম রাউন্ড থেকেই পাকিস্তানের বিদায়ঘণ্টা বেজে গিয়েছিল। এ ছাড়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি—সব জায়গাতেই একই অবস্থা পাকিস্তানের। বৈশ্বিক টুর্নামেন্টে হতশ্রী অবস্থা দেখে শেহজাদ বলেন, ‘তোমরা বিশ্বকাপে গিয়ে প্রথম রাউন্ড থেকেই বিদায় নাও। এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে।’
বাংলাদেশের বিপক্ষে টেস্টে অভিষেকে সেঞ্চুরি করেছেন আজান আওয়াইস। আরেক অভিষিক্ত আব্দুল্লাহ ফজল দুই ইনিংসেই ফিফটি করেছেন। তবে অধিনায়ক শান মাসুদ দুই ইনিংস মিলে করেছেন ৯ রান। সালমান আলী আঘা ও রিজওয়ান প্রথম ইনিংসে ফিফটি করলেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হয়েছেন। ব্যর্থতার পরিচয় দিয়েছেন সহ-অধিনায়ক সৌদ শাকিলও।
বাংলাদেশের কাছে মিরপুর টেস্টে পাকিস্তানের এই হার নিয়ে চুপ করে না থেকে যথাযথ পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন শেহজাদ। নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘আজান আওয়াইস সেঞ্চুরি করেছে। আব্দুল্লাহ ফজল ভালো খেলেছে। কিন্তু দুই অভিষিক্ত ক্রিকেটার ভালো করলেও রিজওয়ান-শাকিলের মতো সিনিয়র ক্রিকেটাররা কী করেছে? শুধু বড় বড় কথা বলতে পারে তারা। লজ্জা আর আত্মসম্মানবোধ থাকা উচিত। তোমরা পাকিস্তান ক্রিকেটকে কোথায় নিয়ে গিয়েছ? পাকিস্তানের এই বাজে হারের পর এটাকে ধামাচাপা দেওয়া যাবে না। এই হার থেকে পাকিস্তানের শেখা উচিত।’
মিরপুরে প্রথম টেস্ট শুরুর আগে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এগিয়ে ছিল পাকিস্তান। বাংলাদেশ ছিল পিছিয়ে। আজ মিরপুরে ১০৪ রানে জয়ের পর দুই ধাপ এগিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে উঠে এল বাংলাদেশ। শান্তর দলের সফলতার হার ৪৪.৪৪ শতাংশ। অন্যদিকে পাকিস্তান দুই ধাপ পিছিয়ে সাত নম্বরে নেমে গেছে। তাদের সফলতার হার ৩৩.৩৩ শতাংশ। ১৬ মে সিলেটে শুরু হবে দ্বিতীয় টেস্ট।