
খোকসা প্রতিনিধিঃ খোকসায় খাল খনন প্রকল্পের মাটি কাটা মেশিন এক্সকেভেটরের চালককে বেধড়ক মারপিটে করে এক্সকেভেটর (বেকু ) দুটিতে আগুনে ধরিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
এলাকাবাসী ও পুলিশ জানায় ,গত বুধবার দিবাগত মধ্যরাতে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা হাসিমপুর খাল খনন প্রকল্পের চলমান কাজে এ ঘটনা ঘটে।
খনন প্রকল্পের নাইট গার্ড মোঃ শুকুর আলী ও মিঠুন খান জানান, বুধবার মধ্যরাতে ১০/১২ জনের মুখোশ পরা অস্ত্রধারী লোক এসে কোন কিছু না বলে বেকু ড্রাইভারদের বেধড়ক মারপিট করে। ভয়ে ড্রাইভাররা দৌড়ে পালিয়ে গেলে দুর্বৃত্তরা বেকু দুটিতে আগুন ধরিয়ে দিয়ে পলায়ন করে। দুর্বৃত্তদের মারপিটে ডাইভার শিবলু বিশ্বাস ও মোঃ সবুজ হোসেন আহত হয়।
রাতে খোকসা থানার টহল পুলিশ খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোল্লা জাকির হোসেন জানান, ঘটনাটি শোনার পর থানা পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। কে বা কারা ঘটিয়েছে জানা যায়নি তবে তদন্ত-পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও খাল খনন প্রকল্পের প্রকল্প পরিচালক দোস্তদার হোসেন জানান,
খাল খনন কার্যক্রম সুন্দরভাবে চলছিল। এলাকাবাসী এবং কারো সাথে কোন রকম দ্বন্দ্ব ছিল না। রাতে দুর্বৃত্তরা এসে আতঙ্কিত করার জন্য ঘটনাটি ঘটিয়েছে।
উল্লেখ্য, গত মার্চের ১৬ তারিখে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা-হাসিমপুর আড়াই কিলোমিটার খাল পুনঃ খনন প্রকল্পের উদ্বোধন করেন আইন মন্ত্রী আসাদুজ্জামান। প্রকল্পের কাজের শেষ মুহূর্তে গত বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ঝলসে গেল খাল পুন: খনন প্রকল্পের ব্যবহৃত দুটি বেকু।