
নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় কিশোর গ্যাং কর্তৃক ছেলে শোয়াইব এর সামনে পিতা আব্দুর রহিম শিকদার (৩৬) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে| বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ সুইজগেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে| কিশোর গ্যাংয়ের হামলায় আহত রহিম শিকদার লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের আবু সাঈদ শিকদারের ছেলে| তিনি পেশায় একজন ট্রাক চালক| পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রহিম শিকদারের ছেলে শোয়াইব শিকদার (১২) ধোপাদহ এলাকা দিয়ে ভ্যানে করে যাচ্ছিলেন| পূর্ব শত্রুতার জেরে ওই এলাকার শাহজাহান শেখের ছেলে আজিম শেখ তাকে মারধর করে| আজিম শেখ লোহাগড়া এলাকায় কিশোর গ্যাং নেতা হিসেবে পরিচিত| তার বিরূদ্ধে একাধিক মামলা রয়েছে| ওই দিন রাত সাড়ে ৮টার দিকে তিনি ছেলে শোয়াইব ও কয়েকজনকে সাথে নিয়ে ধোপাদহ সুইজগেট এলাকায় যান ছেলেকে মারধর করার কারণ জানতে| এ সময় আগে থেকেই ওৎ পেতে থাকা আজিমের নেতৃত্বে একদল দুর্বৃত্ত রহিম শিকদারের ওপর হামলা চালায়| হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে| স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান| অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে| প্রত্যক্ষদর্শী ও আহতের ছেলে শোয়াইব জানান, আমার সামনে আজিম, তার বড় ভাই ও বাবা মিলে আব্বুকে কুপাইছে| ঠেকানোর চেষ্টা করছি| তারা কোন কথা শোনেনি| এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে| এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে|