
যশোর প্রতিনিধি : ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে যশোর পৌর সদরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনায় শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী যশোর ইনস্টিটিউট পুকুর থেকে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, সামনে বর্ষার মৌসুমে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রাদুর্ভাব ঘটে। ডেঙ্গু ও চিকনগুনিয়ার বিস্তার ঠেকাতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি সপ্তাহের শনিবার পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর নির্দেশ প্রদান করেছেন। তারই ধারাবাহিকতায় আজকের পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম। আমরা যদি আমাদের বাড়ি আশপাশ পরিস্কার রাখতে পারি তাহলে ডেঙ্গু ও চিকনগুনিয়াসহ অনেক রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পাবো। এই কার্যক্রম আনুষ্ঠানিকতার মোড়ে আবদ্ধ না রেখে চলমান রাখার জন্য প্রশাসনকে নির্দেশ প্রদান করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
যশোর ইনস্টিটিউটের আয়োজন এবং জেলা প্রশাসন ও পৌরসভা সহযোগিতায় পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুজন সরকার, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ প্রমুখ।