
ডেস্ক রিপোর্ট : খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের জরুরি অস্ত্রোপচার কক্ষে (ওটি) অগ্নিকাণ্ডের ঘটনায় হুড়োহুড়ির মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে।
বুধবার (২০ মে) সকালে এই ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই রোগীর নাম নাসরিন নাহার। তিনি খুলনার কয়রা উপজেলার নেছার আলীর মেয়ে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জন্মগত ডায়াবেটিসজনিত জটিলতা নিয়ে গত রোববার হাসপাতালে ভর্তি হন নাসরিন। আজ সকালে ওটিতে আগুন লাগার পর পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে রোগীদের দ্রুত সরিয়ে নেওয়া শুরু হয়।
স্বজনদের অভিযোগ, তাড়াহুড়ো করে নামানোর সময় নাসরিনের অক্সিজেন মাস্ক খুলে যায়। এতে অক্সিজেনের অভাবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান দিলীপ কুমার কুণ্ডু বলেন, নাসরিন নাহার নামের ওই রোগী ভেন্টিলেশনে ছিলেন। আইসিইউতে মোট ১৫ জন রোগী ভর্তি ছিলেন। তাদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। তবে ওই রোগীকে তার স্বজনেরাই নামাচ্ছিলেন। নিচে নামানোর পথেই তার মৃত্যু হয়।