
নিজস্ব প্রতিবেদক : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি অপারেশন থিয়েটারে (ওটি) অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (২০ মে) ভোর সাড়ে ৫টার পর এ ঘটনা ঘটে। আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে রোগী ও তাদের স্বজনদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় নিচে নামার পর রাস্তায় এক চিকিৎসাধীন বৃদ্ধ রোগীর মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, ভোরে ওটির ভেতরে হঠাৎ বিকট শব্দে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। ভবনের ভেতরে ধোঁয়া ও আগুন দেখে হুড়োহুড়ি শুরু করেন সাধারণ ওয়ার্ড ও আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) থাকা রোগী ও তাদের স্বজনরা। জীবন বাঁচাতে শিশু থেকে বৃদ্ধ—সবাই তাড়াহুড়ো করে বহুতল ভবন থেকে নিচে নেমে আসেন। এমনকি আইসিইউতে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ রোগীদেরও দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
অগ্নিকাণ্ডের পর হাসপাতালের সামনের চত্বর ও প্রধান সড়কের পাশে মাদুর ও চাদর বিছিয়ে রোগীদের শুইয়ে রাখতে দেখা যায়। অনেক রোগীকে অক্সিজেন মাস্ক ও আইভি স্যালাইন পরা অবস্থাতেই খোলা আকাশের নিচে চিকিৎসা দেওয়া হয়। হঠাৎ এই দুর্যোগে হাসপাতালের বাইরে এক মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয় এবং আতঙ্কে অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় ৫০ মিনিটের নিরলস চেষ্টায় তারা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
বাবার উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছিলেন স্বজনরা। কিন্তু ভোরে আগুন লাগার খবর শুনে অন্য সবার মতো তিনিও তার অসুস্থ বাবাকে নিয়ে তাড়াহুড়ো করে নিচে নেমে আসেন। কিন্তু হাসপাতালের বাইরে খোলা রাস্তায় আসার কিছুক্ষণের মধ্যেই ওই বৃদ্ধ মারা যান। বাবার এই আকস্মিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা।
ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং এর ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। ঘটনা তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।