
তালা প্রতিনিধি : তালায় অতিরিক্ত উচ্চতায় পাট বোঝাই করে যাওয়ার সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে একটি ট্রাকে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আগুন থেকে ট্রাক ও জানমাল বাঁচাতে চালক দ্রুত ট্রাকটি রাস্তার পাশের একটি পুকুরে নামিয়ে দেন। বৃহস্পতিবার রাতে পাটকেলঘাটা থানার ছোট কাশিপুর টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ধানদিয়া ইউনিয়নের অশোকমোড় এলাকার পাট ব্যবসায়ী সজলের দোকান থেকে প্রায় ৩০০ মণ পাট নিয়ে ফরিদপুরের মধুখালীর উদ্দেশ্যে রওনা দেয় একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-৯৬৪৪)। পথিমধ্যে ছোট কাশিপুর এলাকায় পৌঁছালে পাটের স্তূপ রাস্তার ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে লেগে যায়। এতে শর্টসার্কিট থেকে মুহূর্তেই পাটে আগুন ধরে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় চালক ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে নামিয়ে দিয়ে পালিয়ে যান। খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ট্রাকটি পানিতে নিমজ্জিত হওয়ায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। ধারণক্ষমতার তোয়াক্কা নেই স্থানীয়দের অভিযোগ, নিয়মনীতি তোয়াক্কা না করেই অতিরিক্ত পণ্য বোঝাই করার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। জানা গেছে, ৫ টন ধারণক্ষমতার ট্রাকটিতে প্রায় ১২ টন পাট তোলা হয়েছিল। এছাড়া যে সড়ক দিয়ে ট্রাকটি যাচ্ছিল, সেটির ধারণক্ষমতা মাত্র ৩ টন। অতিরিক্ত লোড দেওয়ার কারণে পাটের স্তূপ অনেক উঁচুতে উঠে যায়, যা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এদিকে পাট ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘মেসার্স ব্রাদার্স জুট ট্রেডিং কোং লিমিটেড’-এর প্রতিনিধি জানান, বড় ট্রাকের কথা বলে আলমগীর ট্রান্সপোর্ট থেকে সাড়ে ১২ হাজার টাকায় ট্রাকটি ভাড়া করা হয়েছিল। কিন্তু মালিকপক্ষ ছোট ট্রাক পাঠানোয় পাটের উচ্চতা বেড়ে এই বিপত্তি ঘটে। বর্তমান পরিস্থিতি সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, পাটসহ ট্রাকটি উদ্ধার করতে পুলিশ ও মালিকপক্ষের লোকজন কাজ করছে। পাটকেলঘাটা থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।