
ডেস্ক রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার ও ভোটগ্রহণের সময় কোনো প্রকার ড্রোন ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির জারি করা ‘নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’ থেকে এমন তথ্য জানা গেছে।
ওই বিধিমালার ৯ ধারায় যানবাহন ব্যবহার, মিছিল ও শোডাউন ও ড্রোন ব্যবহারের বিষয়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এতে নির্বাচনি প্রচারে বাস, ট্রাক, নৌযান, মোটরসাইকেল কিংবা অন্য কোনো যান্ত্রিক বাহন ব্যবহারেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বিধিমালার ৯ ধারায় যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে-
নির্বাচনি প্রচারণায় কোনো বাস, ট্রাক, নৌযান, মোটরসাইকেল কিংবা অন্য কোনো যান্ত্রিক বাহন সহকারে কোনো মিছিল, জনসভা কিংবা কোনরূপ শোডাউন করতে পারবেন না।
নির্বাচনি প্রচারে যানবাহন সহকারে কিংবা যানবাহন ব্যতীত কোনো ধরনের মশাল মিছিল করা যাবে না।
নির্বাচনি প্রচারে কোন হেলিকপ্টার বা অন্য কোনো আকাশযান ব্যবহার করতে পরিবেন না, তবে দলীয় প্রধান বা সমপর্যায়ের পদধারী এবং সাধারণ সম্পাদক বা উহার সমপর্যায়ের পদধারী ব্যক্তিগণ যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহার করতে পারিবেন, কিন্তু এইরূপ যাতায়াতের সময় হেলিকপ্টার হতে লিফলেট, ব্যানার বা অন্য কোনো প্রচার সামগ্রী প্রদর্শন, বিতরণ বা নিক্ষেপ করা যাবে না।
মনোনয়নপত্র দাখিলের সময় কোনো প্রকার মিছিল কিংবা শোডাউন করতে পারিবেন না, এবং রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থী বা তাহার প্রতিনিধিসহ ৫ (পাঁচ) জনের অধিক ব্যক্তি গমন করতে পারিবেন না।
যান চলাচলের নিষেধাজ্ঞা চলাকালীন ভোটকেন্দ্রের নির্ধারিত চৌহদ্দির ভিতরে ও বাহিরে নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত ব্যক্তি বা ব্যক্তিবর্গ ব্যতীত অন্য কেউ মোটরসাইকেল বা অন্য কোনো যান্ত্রিক বাহন চালাতে পারিবেন না।
নির্বাচনি প্রচারণা এবং ভোটগ্রহণের সময় কোনো প্রকার ড্রোন, কোয়াডকপ্টার (Quadcopter) বা এইরূপ যন্ত্র ব্যবহার করতে পারিবেন না।
বিধিমালার ১১ ধারাতে দেয়াল লিখনে বিধিনিষেধ আরোপ করে বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা দলের মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি কোনো দেয়ালে লিখে বা অংকন করে কোনো প্রকার নির্বাচনি প্রচার চালাতে পারিবেন না।
এদিকে ১২ ধারাতে বলা হয়েছে, নির্বাচনি প্রচারণায় প্রতীক হিসাবে জীবন্ত প্রাণী ব্যবহার করা যাবে না।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ সম্পন্ন করবে নির্বাচন কমিশন (ইসি)।