
বিশেষ প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলা-এর কলেজ রোড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (৩ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে বি এন খান ডিগ্রী কলেজ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, “নিউ স্টীল এন্ড সবুজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ” থেকে হঠাৎ আগুনের লেলিহান শিখা বের হতে দেখে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। সে সময় দোকানটি তালাবদ্ধ অবস্থায় ছিল। স্থানীয়রা তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ততক্ষণে ওয়ার্কসপটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। পাশের আরও দুইটি ব্যবসা প্রতিষ্ঠানেও আগুন ছড়িয়ে পড়ে এবং সেগুলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ওয়ার্কসপের মালিক সবুজ জানান,
দোকান বন্ধ করে অন্যত্র কাজে গিয়েছিলাম। খবর পেয়ে এসে দেখি আমার দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমি সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছি।”
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও উজিরপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহাদুৎ সরদার কমরেড, পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ শহিদুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। তারা ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্তদের দ্রুত আর্থিক সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
Like this:
Like Loading...
Related