
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় লাটাহাম্বার (শ্যালো ইঞ্জিনচালিত যান) চালক নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড়বামনদাহ ছোট রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জ উপজেলার এএমবিএম ব্রিক্সের একটি গাড়ি ইট নিয়ে কোটচাঁদপুরের বড়বামনদাহ গ্রামে যায়। ইট নামিয়ে ফেরার পথে গাড়িটি রেললাইনের ওপর উঠলে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গাড়ির চালক আলাউদ্দিন মারা যান এবং তার সহযোগী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত সহযোগীকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।