
ডেস্ক রিপোর্ট : টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তারা একই পরিবারের সদস্য।
শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে টাঙ্গাইলের কালিহাতী থানার ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ি এসআই মিজানুর রহমান।
তিনি জানান, উপজেলার ধলাটেংগর এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে বেশ কয়েকজন যাত্রী বাস থেকে নেমে যান। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশেই রেল লাইনে বসে গল্প করছিলেন।
এরই মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন সেখানে এসে পড়লে, তারা সরে যাওয়ার আগেই ট্রেনে কাটা পড়েন। এতে এক শিশু, দুইজন নারী ও দুইজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে জানান এসআই মিজান।