
ডেস্ক রিপোর্ট : কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে বাংলাদেশে ভুল চিকিৎসার অভিযোগ করলেন তার বাবা ও জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।
এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে কায়সার হামিদ জানান, মেয়েকে চেন্নাই নেওয়ার পর সেখানকার চিকিৎসকরা কিছুটা ভুল চিকিৎসা ও দেরি করে ফেলার কথা জানান। এ সময় কায়সার হামিদ এভারকেয়ার হাসপাতালে মেয়ের চিকিৎসায় অবহেলার অভিযোগও তোলেন।
ওই চ্যানেলকে কায়সার হামিদ বলেন, এখানে দুইটা ভুল ছিল। নম্বর ওয়ান ভুল ট্রিটমেন্ট হইছে। কারিনার যে লিভার ড্যামেজ ও হেপাটাইসিস মারাত্মক অবনতি, সেটা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। জানলে সেই সময় দ্রুত লিভার ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করা যেত।
এ ছাড়াও কায়সার হামিদ অভিযোগ করেন, লিভারের এই ট্রান্সপ্লান্ট সিস্টেম বা সেটআপ যে বাংলাদেশে নেই, সেটাও তাকে জানানো হয়নি। বিষয়টি প্রথমেই এখানকার ডাক্তারদের বলা উচিত ছিল।
বাংলাদেশে যে এই চিকিৎসা সম্ভব নয় তা যদি আগে জানানো হতো, তাহলে কারিনাকে আরও আগেই ভারতে নেওয়া যেত বলে জানান বাবা কায়সার হামিদ।
অভিযোগে কায়সার হামিদ বলেন, প্রাথমিক চিকিৎসার মতো করে এভারকোয়ারের মতো হাসপাতাল ডে বাই ডে এ রকম করে চালিয়ে গেছে। সেখানে ইনফেকশন হয়ে গেলে কারিনাকে ভারত নেওয়া হয়।
বড় ভাই বিদেশ থেকে আসার পর এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানান কারিনার বাবা।
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার শুক্রবার (১৫ মে) ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কারিনা লিভারসংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। ভারতে নেওয়ার আগে কারিনার শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে রাজধানীর এভারকেয়ারে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।