
সাতক্ষীরা প্রতিনিধি : দেশে খাদ্য ঘাটতি নিরসনের লক্ষ্যে চলতি ২০২৪-২৫ অর্থবছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তিন মাসে ভোমরা বন্দর দিয়ে ভারত থেকে ১ লাখ ৭০ হাজার ৪৮৬ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদিত দেশের শীর্ষ ১০৮ আমদানিকারক প্রতিষ্ঠান ১৯ আগস্ট থেকে ১০ অক্টোবর পর্যন্ত দফায় দফায় এ রেকর্ড পরিমাণ চাল আমদানি করেছে। আমদানি শুল্কমুক্ত কোটার আওতায় সরকার ৫ লাখ মেট্রিক টন চাল আমদানি ঘোষণা করলে ব্যবসায়ীরা ভোমরা বন্দর দিয়ে পূর্ণ সক্ষমতায় আমদানি কার্যক্রম শুরু করেন। সম্প্রতি খাদ্য মন্ত্রণালয় আরও ১ লাখ টন চাল আমদানির নীতিগত অনুমোদন দেয়, ফলে অধিকাংশ আমদানিকারক পুনরায় চাল আমদানের অনুমতি পেয়েছেন। ভোমরা বন্দর থেকে প্রতিদিন গড়ে ১০০ মেট্রিক টন চাল আমদানি হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কলকাতার কাছাকাছি অবস্থান, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং দ্রুত ছাড়করণের সুবিধার কারণে ভোমরা বন্দর দিয়ে আমদানি বাণিজ্য ত্বরান্বিত হয়েছে। তবে ভোমরা স্থলবন্দর দিয়ে এ বিপুল পরিমাণ ভারতীয় চাল আমদানি করা হলেও সাতক্ষীরার বাজার গুলোতে এর প্রভাব পড়েনি। ভুক্তভোগী ক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় এই আমদানিও বাজারে কোনো প্রতিফলন ঘটাচ্ছে না। অধিকাংশ সময় চাল ব্যবসায়ীরা লট গুদামজাত করে বিক্রয়মূল্য বাড়িয়ে চরম মুনাফা আয় করেন। এতে খেটে খাওয়া সাধারণ মানুষ এবং নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণি কার্যত খাদ্য সংকটে পড়ছেন।